ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৫২ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী | ছবি: সংগৃহীত
আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি মো. জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট আবেদন খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।