শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত বাস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৬, ১২:৩১ পিএম

শিক্ষার্থীদের জন্য আসছে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত বাস

ফাইল ছবি

জ্বালানির ওপর চাপ কমাতে দেশে বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।

তিনি আরও বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে।

এর আগে, গত ২৭ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনে জানানো হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেক্ট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা পাবে। তবে বাসগুলো হলুদ রঙের হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে দৃশ্যমানভাবে লিখতে হবে।

এছাড়া, কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই বাস আমদানির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এনবিআরে আবেদন করলে ১০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। একই সঙ্গে বেশি সংখ্যক শিক্ষার্থীর যাতায়াত নিশ্চিত হওয়ায় সড়কে যানজট কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং অভিভাবকদের পরিবহন ব্যয়ও কমবে।

এনবিআর জানিয়েছে, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য পরিচালিত বাস আমদানিতেও শুল্ক-কর কমানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে এবং জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত ব্যয়ও হ্রাস পাবে।

Link copied!