ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১১ মে সকাল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫ হাজার ৯৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ৩১ হাজার ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।