যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩০, ২০২৬, ০১:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই. ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান। ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য আসার পর তেহরান স্পষ্ট করে জানিয়েছে, আনুষ্ঠানিক কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছায়নি দুই দেশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুদ্ধবিরতি চুক্তির দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এ অবস্থান তুলে ধরেন।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবফও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, শুধু কথার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইরান। তবে অপর পক্ষ বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিলে তেহরানও সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধবিরতির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন। এর মধ্যে ছিল পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান পরিবর্তন, হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা এবং জলপথে পেতে রাখা মাইন অপসারণ।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে তিনি আশা প্রকাশ করেন, ইরান ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থান সামনে আসায় অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা এখনো কাটেনি।

Link copied!