ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:৪৮ এএম

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব তিনি পর্যালোচনা করে দেখছেন।

তবে তিনি সতর্ক করে বলেন, তেহরান ‘খারাপ ব্যবহার’ করলে ওয়াশিংটন আবার বিমান হামলা শুরু করতে পারে।

শনিবার ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তাকে ‘চুক্তির ধারণা’ সম্পর্কে অবহিত করা হয়েছে।

আল জাজিরা লিখেছে, কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ফের সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে স্বভাবসুলভাবে স্পষ্ট মনোভাব প্রকাশ করেছেন। দুই পক্ষ ৭ এপ্রিল থেকে থেকে শুরু হওয়া একটি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সংঘাত থেমে আছে।

হামলা আবার শুরু হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা যদি খারাপ কিছু করে, তাহলে তেমনটি হওয়ার সম্ভাবনা আছে।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ‘অনেক ভালো করছে’ এবং কয়েক মাসের যুদ্ধ ও নৌ-অবরোধে ইরান ‘ধ্বংস’ হয়ে গেছে, ফলে দেশটি একটি সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে।

পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গত ৪৭ বছর ধরে ইরান মানবতা ও বিশ্বের প্রতি যা করেছে তার জন্য এখনও তারা যথেষ্ট বড় কোনো মূল্য পরিশোধ করেনি, তাই এটি কল্পনা করা কঠিন যে তেহরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ১৪ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং জব্দ করা সম্পদ মুক্ত করার দাবি। পাশাপাশি শান্তিচুক্তির শর্ত চূড়ান্ত করতে তারা ৩০ দিনের সময় চেয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়ে, যা বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করে। তিন সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ থাকলেও ইরানের হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখা এবং ইরানি বন্দরের ওপর মার্কিন নৌ-অবরোধ পরিস্থিতি উত্তপ্ত করে রেখেছে। এর মধ্যেই শান্তি প্রতিষ্ঠায় নতুন কূটনৈতিক উদ্যোগ সামনে এসেছে।

Link copied!