মে ৬, ২০২৬, ০৫:৫৬ পিএম
ফাইল ছবি।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জামিন আবেদন শুনানির সময় বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে আবদুল জলিল মণ্ডলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানিকালে তিনি জানান, মামলার আসামি জলিল মণ্ডল রাজসাক্ষী হতে ইচ্ছুক।
শাপলা চত্বরের ঘটনার সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩০ মার্চ রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৩১ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের ৫ মে দায়ের হওয়া মামলায় আবদুল জলিল মণ্ডলকে দুই নম্বর আসামি করা হয়েছে। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।