জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, জুলাই সনের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।
আজ (বুধবার) সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত পেকুয়া উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ… সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসাদী সরকার বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করবো, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি, মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।