ডিজেলের দাম বাড়ানোয় সংসদে প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ০৮:২২ পিএম

ডিজেলের দাম বাড়ানোয় সংসদে প্রতিবাদ

জাতীয় সংসদ অধিবেশনে জ্বালানি তেলের দাম বাড়ানোয় প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির দুই সংসদ সদস্য।  জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডিজেলের দাম বাড়ানোর সমালোচনা করে তা প্রত্যাহার বা বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা বলেন, জনগণের কথা ভেবে ডিজেলের দাম কমান।

রোববার (১৪ নভেম্বর) জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রথমে এর প্রতিবাদ করেন। তিনি বলেন, কোভিড মোকাবিলা করে মানুষ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে ঠিক সেই সময় হঠাৎ করে ডিজেলের তেলের দাম বাড়ানো হলো। কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হলো। গত কয়েক বছরে জ্বালানি তেলের দাম একসঙ্গে এত পরিমাণে বাড়ানো হয়নি।

তিনি বলেন, বৃহস্পতিবার ডিজেলের দাম বাড়ানো হলো। এর পর পরই শুরু হলো পরিবহন ধর্মঘট। অথচ পরের দিন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় ভর্তিসহ বিভিন্ন চাকুরির পরীক্ষা ছিল। এতে করে পরীক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হলো। ডিজেলের দাম বাড়ার পর বাসভাড়া ২৭ শতাংশ, নৌযানের ভাড়া ৩৭ শতাংশ বাড়ানো হছে। যেটা তেলের দাম বৃদ্ধির তুলনায় অনেক বেশি। জানি না এখানে কেন সমন্বয় নেই।’

দলটির আরেক সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে চরমভাবে আঘাত করেছে। দ্রব্যমূল্যও বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে যায় তখন কিন্তু আমাদের এখানে কমানো হয় না। অজুহাত দিয়ে বাড়ানো হলে সেটা কত শতাংশ হতে পারে? আমাদের চিন্তা করা উচিত আমরা কতটা বাড়াতে পারি। বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে।

এ বিষয় প্রধানমন্ত্রীসহ কেবিনেটের নতুন করে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 

Link copied!