সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০১:৩৩ পিএম

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস চালু করতে চায় সরকার। এ পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে নির্দিষ্ট দিনে সশরীরে এবং বাকি দিনে অনলাইনে ক্লাস পরিচালিত হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি পাইলট প্রকল্প, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। ডিজিটাল শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে তা সম্প্রসারণ করা হতে পারে।

তিনি আরও বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।

শিক্ষামন্ত্রী জানান, আগামী সোমবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে এবং শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করবেন। এ জন্য ওয়াইফাইসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মেট্রোপলিটন এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানেই প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে সব প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক করা হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের অস্থিরতা বা ধস সৃষ্টি হয়—এমন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

Link copied!