মে ২৪, ২০২৬, ০৩:৪৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ফাইল ছবি।
দেশের গভীর ও অগভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান বাড়াতে ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগ আনা হলেও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে দেশীয় সম্পদ অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছে সরকার।
জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদেশি কোম্পানির সঙ্গে যেকোনো চুক্তিতে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৯০ সালের পর স্থলভাগে গ্যাস অনুসন্ধানের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছিল। এখন সমুদ্র অঞ্চলেও একইভাবে অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি হলেও গত ১৭ বছরে অফশোর এলাকায় উল্লেখযোগ্য অনুসন্ধান হয়নি। সেই ঘাটতি কাটিয়ে উঠতেই আগামী সোমবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
সরকারের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশীয় জ্বালানির মজুত বাড়বে এবং আমদানি নির্ভরতা কমাতে সহায়তা করবে।