বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০১:৪৫ পিএম

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের তারিখ ঘোষণা

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়, এবং আজই তফসিল ঘোষণা করবে কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচনী ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে মারা গেলে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে, এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

Link copied!