সার ডিলারশিপে বড় পরিবর্তন, পুরোনো বাতিল, আসছে নতুন নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৪৩ পিএম

সার ডিলারশিপে বড় পরিবর্তন, পুরোনো বাতিল, আসছে নতুন নিয়োগ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সব সার ডিলারের অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, আগের সরকারের সময় দেওয়া ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। এর পরিবর্তে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

এদিকে দেশের চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় একটি যৌথ কমিটি গঠনের কথাও জানান তিনি। ১০ সদস্যের এই কমিটিতে সরকারি ও বিরোধী দল থেকে সমানসংখ্যক প্রতিনিধি রাখা হবে।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণে এই কমিটি কাজ করবে। এতে নেতৃত্ব দেবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

নুরুল ইসলাম মনি আরও জানান, বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতে বিষয়টি সংসদে আলোচনায় আসে এবং পরে সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সমর্থন জানিয়েছেন।

সরকার বলছে, কৃষি ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Link copied!