মে ২৩, ২০২৬, ০৮:০৫ পিএম
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, জনগণের সহায়তা ছাড়া এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়।
শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, রাস্তা সম্প্রসারণ বা নতুন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বাসিন্দারা জায়গা ছেড়ে সহযোগিতা না করলে সরকার চাইলেও উন্নয়ন কাজ এগিয়ে নিতে পারবে না। তাই এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন হাউজিং ও বাড়ি মালিক সমিতির সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বসিলা এলাকায় নতুন থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিশু-কিশোরদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে খেলার মাঠ তৈরির আশ্বাস দিয়ে তিনি বলেন, এলাকার নিরাপত্তা জোরদারে প্রতিটি বাড়ির সামনে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।