ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২৬, ১২:৩০ পিএম

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত

জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সেটি উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ‘রিলিফ ট্রেনও’ লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ নগরীর পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯টার দিকে। জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট শব্দে সেটির পাওয়ার কারের (বিদ্যুৎ সরবরাহকারী বগি) চাকা লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুর্ঘটনাকবলিত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারের জন্য ময়মনসিংহ স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। কিন্তু সকাল ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে রিলিফ ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছিল। তবে আউটার সিগনালে গিয়ে সেই রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, রেললাইন সচল করতে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আউটার সিগনালে লাইনচ্যুত রিলিফ ট্রেনটি উদ্ধার করা হবে। এরপর সেটি ব্যবহার করে তিনকোনা পুকুরপাড় এলাকায় আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার উদ্ধার করা হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেন দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রকৌশলী ও উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!