ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতির প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমকে জানান, পদোন্নতির ফাইল তিনি স্বাক্ষর করেননি এবং পুরো প্রক্রিয়া স্থগিত ও প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ১৬ গ্রেডে কর্মরত এই ৮২ জনকে ১০ম গ্রেডে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলে, মন্ত্রী জেএসসি ও জিডিসির বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের এক স্মারকের সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এসব কর্মচারীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- বেতনক্রমে (২য় শ্রেণি, গ্রেড-১০) ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে কর্মস্থলে পদায়ন করা হল।
পদোন্নতি প্রাপ্ত ৮২ জন কর্মকর্তা মূলত সাঁটলিপিকার, কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক প্রভৃতি পদে কর্মরত ছিলেন।