মে ৪, ২০২৬, ১২:৫২ পিএম
বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার সুবিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ বজায় রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে যাতে, এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করা যায়। পাশাপাশি বৃষ্টির মরদেহও দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি করে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা।
গত ৩০ এপ্রিল টাম্পায় লিমনের জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর একই ঘটনায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই শিক্ষার্থী হত্যার শিকার হন। এ ঘটনায় নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার বিষয়টি নিশ্চিত হলেও এখনো তাঁর মরদেহ উদ্ধার করা যায়নি। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।