তামিলনাড়ুতে ভোট গণনা শুরুর প্রায় দুই ঘণ্টার মধ্যেই অভিনেতা বিজয়ের নতুন দল তামিলাগা ভেতরি কাজাগাম (টিভিকে)-এর বড় জয়ের আভাস মিলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সোমবার (৪ মে) রাজ্যের ২৩৪টি আসনে গণনা চলছে। এখন পর্যন্ত ৮৫টি আসনে এগিয়ে থাকা টিভিকে এবং ৭৭টি আসনে এগিয়ে থাকা এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
অন্যদিকে, কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটবদ্ধ ক্ষমতাসীন ডিএমকে তৃতীয় অবস্থানে রয়েছে।
অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও পূর্ব তিরুচিরাপল্লিতে তার দল কিছুটা পিছিয়ে আছে। ফলে তার নির্বাচনী অভিষেকে ডিএমকের দখলে থাকা এই দুই আসনে ফলাফল নিয়ে বিভাজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তামিল চলচ্চিত্র জগতের সুপারস্টার জোসেফ সি. বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, তার রাজনীতিতে আগমন এবং টিভিকে দলের আত্মপ্রকাশ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, মূল লড়াই হবে ডিএমকে জোট ও এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে।
চেন্নাই উত্তর লোকসভা আসনের অন্তর্গত ১২ নম্বর বিধানসভা কেন্দ্র পেরাম্বুর একটি শহুরে এলাকা, যেখানে প্রায় ২ লাখ ২২ হাজার ভোটার রয়েছে। এই আসনে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঐতিহ্য রয়েছে।
সাম্প্রতিক নির্বাচনে আসনটি ডিএমকের দখলে ছিল। ২০২১ সালে দলটির প্রার্থী আর.ডি. শেখর ৫২.৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, আর পিটিএমকের এন.আর. ধনবালান পান প্রায় ২৫.১০ শতাংশ ভোট।
সংবাদমাধ্যমে পেরাম্বুরকে একটি ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে উল্লেখ করা হচ্ছে, কারণ বিজয় এটিকে তার প্রথম নির্বাচনী আসন হিসেবে বেছে নিয়ে উত্তর চেন্নাইয়ে ডিএমকের শক্ত ঘাঁটিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন।
‘থালাপতি’ নামে পরিচিত বিজয়ের তামিলনাড়ু জুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার রাজনৈতিক অবস্থান প্রচলিত জাতভিত্তিক বিভাজনের বাইরে, যা তাকে বাড়তি সুবিধা দিতে পারে—বিশেষ করে এমন এক প্রেক্ষাপটে, যেখানে পরিচয়ভিত্তিক রাজনীতি এখনও গুরুত্বপূর্ণ। তার ব্যক্তিত্ব ও তারকাখ্যাতি তাকে তরুণ ও শহুরে ভোটারদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।
টিভিকে প্রধান হিসেবে বিজয় তিরুচিরাপল্লি পূর্ব আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ডিএমকের দখলে রয়েছে। তুলনামূলক অনিশ্চিত দুই আসন থেকে লড়াই করার তার সিদ্ধান্তকে আক্রমণাত্মক রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে তিনি বিভিন্ন অঞ্চলে নিজের জনপ্রিয়তা যাচাই করতে চাইছেন। নতুন দল টিভিকে একাই ২৩৪টি আসনের সবগুলোতেই প্রার্থী দিয়েছে।