মে ৩, ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির কাঠামোগত ক্ষতি হওয়ায় নির্ধারিত সময়েও সেগুলো জেটিতে ভিড়তে পারেনি, ফলে বিপুল পরিমাণ আমদানি পণ্য খালাস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
রোববার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, শুক্রবার সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটি জেটিতে আনার প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংঘর্ষে জড়িত দুটি জাহাজের একটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি ‘মায়ারস্ক’ এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান এইচ আর লাইনের ‘এইচ আর তুরাগ’। দুর্ঘটনার পর থেকে জাহাজ দুটি বহির্নোঙরেই অপেক্ষমাণ রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবারই জাহাজ দুটির জেটিতে ভেড়ার কথা ছিল। কিন্তু ক্ষয়ক্ষতির কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় আপাতত সেগুলোকে জেটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এই ঘটনায় প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস কনটেইনার পণ্য খালাস বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে আমদানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে নৌ-বাণিজ্য অধিদপ্তর এবং বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখনো তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্তৃপক্ষ বলছে, জাহাজগুলোর মেরামত শেষ করে নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত পণ্য খালাস কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমেও কিছুটা প্রভাব পড়তে পারে।