পশ্চিমবঙ্গে তৃণমূল নাকি বিজেপি, সন্ধ্যার মধ্যেই ফলাফল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৬, ০১:০০ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল নাকি বিজেপি, সন্ধ্যার মধ্যেই ফলাফল

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল আজ প্রকাশিত হতে যাচ্ছে, যা নির্ধারণ করবে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হবে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই সম্ভাব্য বিজয়ীর নাম জানা যেতে পারে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাত পর্যন্তও সময় লাগতে পারে।

২৯৪টি আসনের এই নির্বাচনে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি। একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় ফলতা আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে, ফলাফল প্রকাশ করা হবে ২৯৩টি আসনের।

ফল ঘোষণাকে কেন্দ্র করে কলকাতাসহ ২৩ জেলায় মোট ৭৭টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে।

গণনার সময় সম্ভাব্য উত্তেজনা এড়াতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং কক্ষের ভেতরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের কারণে এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা বড় ভূমিকা রাখতে পারেন। একইসঙ্গে নারী ভোটারদের অংশগ্রহণও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর আসনে। এখানে মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামেও। ২০২১ সালে নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী।

ভোট গণনার আগে থেকেই উত্তর ২৪ পরগনায় উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তার অভিযোগ, ‍‍`তৃণমূল কর্মীরা হামলা করেছে‍‍`। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।

অন্যদিকে, হামলার জন্য তৃণমূল নেতা ও জগদ্দল বিধানসভার প্রার্থী সোমনাথ শ্যামকে দায়ী করেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে সোমনাথ শ্যামের দাবি, ‍‍`গুলির ভিডিও পুরনো কিনা তা খতিয়ে দেখা উচিত‍‍`।

এদিকে, একাধিক বেসরকারি সংস্থার বুথফেরত জরিপে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত পাওয়া গেছে। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি বিজেপি চমক দেখাবে—তা জানা যাবে আজ সন্ধ্যার মধ্যেই।

Link copied!