ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যার প্ররোচনা: শিক্ষক সুদীপের ৩ দিনের রিমান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৬, ০৩:০১ পিএম

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যার প্ররোচনা: শিক্ষক সুদীপের ৩ দিনের রিমান্ড

ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তা মঞ্জুর করেন।

আদালত সূত্র জানিয়েছে, এর আগে গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে উত্তর বাড্ডার বাসায় মিমোকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের সদস্যরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার পরদিনই মিমোর বাবা গোলাম মোস্তফা বাড্ডা থানায় একটি মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। অভিযোগে বলা হয়, মিমোর ব্যবহৃত বার্তালাপ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল এবং ঘটনার আগে তাদের মধ্যে কথোপকথন হয়েছিল।

পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

Link copied!