ছবি: সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কুমিরটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।
সোমবার ভোরে গোপালপুর ঘাটের কাছে মাছ ধরার সময় হঠাৎ একটি বড় আকারের প্রাণী বড়শিতে আটকে যায়। পরে জেলেরা নিশ্চিত হন, সেটি একটি কুমির। কয়েকজন মিলে সেটিকে নিয়ন্ত্রণে এনে নদীর পাড়ে তুলে আনা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন কুমিরটি দেখতে ঘাটে ভিড় করেন। নিরাপত্তার কথা বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কুমিরটি কোন প্রজাতির তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খুলনা থেকে বিশেষজ্ঞ দল রওনা দিয়েছে, তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর কুমিরটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে।
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। পরে সবাই মিলে সেটিকে ধরে ফেলতে সক্ষম হন।
কুমিরটি কোথা থেকে এসেছে এবং নদীতে এর উপস্থিতি নিয়ে এখন স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।