ছবি: সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে শুনানিতে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গত বছরের ৮ মার্চ অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়।
মামলার নথি অনুযায়ী, নিজের দেওয়া হিসাবের তুলনায় তার প্রকৃত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি পাওয়া গেছে। তদন্তে দেখা যায়, ঘোষণার বাইরে অতিরিক্ত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে, যার বড় অংশের বৈধ উৎস পাওয়া যায়নি।
দুদকের অভিযোগ, এসব অর্থের উৎস আড়াল করতে বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর ও বিনিয়োগ করা হয়েছে।
মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় এখন আদালতে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে পরবর্তী ধাপ এগোবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।