ছবি ভিডিও থেকে নেওয়া
মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত।
এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিয়েছেন। সরকারের নীতি, উন্নয়ন কার্যক্রম এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
তিনি জানান, এবারের সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগ সংশ্লিষ্ট।
এছাড়া সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এসব বৈঠক থেকে তারা মাঠ প্রশাসনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গেও ডিসিদের পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।