মে ২, ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের আঞ্চলিক চলচ্চিত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রাজা শিবাজি। রিতেশ দেশমুখ অভিনীত এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই মারাঠি চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ আয় করে আলোচনায় এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দিনেই ছবিটি ভারতের বক্স অফিসে আনুমানিক ১৩.৭৫ থেকে ১৪ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে মারাঠি সংস্করণ থেকেই এসেছে প্রায় ১০ কোটির কাছাকাছি আয়, আর হিন্দি ডাব সংস্করণ যোগ করেছে প্রায় ৪ কোটি রুপি। শুধু মহারাষ্ট্র রাজ্য থেকেই এসেছে প্রায় ১১ কোটির মতো আয়ের বড় অংশ।
এর আগে মারাঠি সিনেমার ওপেনিং ডে সংগ্রহের রেকর্ড ছিল সাইরাত–এর দখলে, যা প্রথম দিনে প্রায় ৩.৬০ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড এবার বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে ‘রাজা শিবাজি’।
তবে ভারতের সামগ্রিক বক্স অফিসে প্রথম দিনের আয়ের দিক থেকে শীর্ষে এখনো রয়েছে ধুরন্ধর ২, যার আয় ছিল প্রায় ২২ কোটি রুপি। এরপর রয়েছে পুষ্পা ২ ও ছাবা। বড় বাজেটের এসব ছবির সঙ্গে প্রতিযোগিতা করেও ‘রাজা শিবাজি’ শক্ত অবস্থান তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, মারাঠি সিনেমা সাধারণত মহারাষ্ট্রের স্থানীয় দর্শকদের ওপর নির্ভরশীল। তবে এই ছবির ক্ষেত্রে হিন্দি সংস্করণ থেকেও উল্লেখযোগ্য আয় আসায় এর পরিসর আরও বিস্তৃত হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী ওপেনিংয়ের পর ‘রাজা শিবাজি’ দীর্ঘমেয়াদে আরও বড় সাফল্যের পথে এগোতে পারে। এখন দেখার বিষয়, এটি মারাঠি সিনেমার সর্বকালের আয়ের রেকর্ডও ভাঙতে পারে কি না।