আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০২:৩৯ পিএম

আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘মাইকেল’

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগীর কাছে মাইকেল জ্যাকসন নামটি এখনো দুর্নিবার আকর্ষণ। কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে থাকা এই তারকা ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তার জনপ্রিয়তা আজও অটুট। অবাক করার বিষয় হলো, মৃত্যুর এত বছর পরও আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে তার মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন।

তার জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ঘোষণা দেওয়ার দিন থেকেই সিনেমাটি দেখার জন্য দর্শকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। তখন থেকেই অপেক্ষা—কবে মুক্তি পাবে এই সিনেমা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’ শিরোনামের সিনেমাটি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হবে।

অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

সিনেমাটিতে শুধু সংগীতজীবন নয়, মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবনের নানা দিকও তুলে ধরা হবে। বিশেষ করে জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ প্রতিভা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্পীতে পরিণত হওয়ার গল্প এতে উঠে আসবে। তার মঞ্চের বাইরের জীবন এবং একক সংগীতজীবনের সোনালি অধ্যায়গুলোও দর্শকরা কাছ থেকে দেখতে পাবেন।

মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চরিত্রও সিনেমাটিতে স্থান পেয়েছে। তার বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো, মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে আছেন নিয়া লং, আর বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। এছাড়া মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের মতো গুরুত্বপূর্ণ চরিত্রগুলোও সিনেমায় দেখানো হয়েছে।

ছোটবেলা থেকেই জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করা মাইকেল ধীরে ধীরে একক শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং হয়ে ওঠেন বিশ্বসংগীতের অন্যতম বড় তারকা। এই বায়োপিকে তার অজানা নানা গল্প এবং বিখ্যাত পারফরম্যান্সও তুলে ধরা হয়েছে।

মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় আয়োজন। ট্রেলারেই বোঝা গেছে, নির্মাতা তার সংগীত, নাচ এবং তারকাখ্যাতির অসাধারণ যাত্রাকে বড় পর্দায় জাঁকজমকভাবে উপস্থাপন করেছেন। গত বছরের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত টিজার ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে সর্বোচ্চ।

ফেব্রুয়ারিতে মুক্তির পর ট্রেলারটিও ব্যাপক সাড়া ফেলেছে এবং একদিনেই ৫ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিশ্লেষকদের মতে, মুক্তির পর সিনেমাটি বড় ধরনের ব্যবসায়িক সাফল্য পেতে যাচ্ছে।

Link copied!