এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শিগগিরই চালু করা হবে: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৬, ১২:১৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শিগগিরই চালু করা হবে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি।

দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে এগিয়ে চলছে এবং একটি কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর দাবি ছিল। সেই প্রেক্ষিতে এখন একটি কাঠামোর মধ্যে এনে এই প্রক্রিয়া বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষকরা প্রয়োজন অনুযায়ী স্থানান্তরের সুযোগ পান।

এসময় প্রাথমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রায় ১৪ হাজার ৩০০ শিক্ষককে স্বল্প সময়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের ক্ষেত্রে নির্ধারিত শর্ত মেনে পর্যায়ক্রমে যোগদান নিশ্চিত করা হবে।

তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী যেসব শর্ত রয়েছে, সেগুলো অনুসরণ করেই নতুন নিয়োগপ্রাপ্তদের কাজে যুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

Link copied!