এপ্রিল ২৭, ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
অর্থনৈতিক সামর্থ্যের অভাবে যারা আইনি সহায়তা নিতে পারেন না, তাদের জন্য সহজ সেবা নিশ্চিত করতে হটলাইন চালুর কথা জানিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ১৬৬৯৯ নম্বরে কল করলেই সরকারিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যাবে।
সোমবার রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করে আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, যেখানে কারিগরি সহায়তা দেয় জিআইজেড বাংলাদেশ।
আইনমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত এলাকার মানুষ যেন সহজে আইনি সহায়তা পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, তারা হটলাইনে যোগাযোগ করলে প্যানেলভুক্ত আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, আইনি সহায়তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী ও নিম্নআয়ের মানুষের জন্য এটি সহায়ক হবে, যারা সচেতনতার অভাব ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ন্যায়বিচার থেকে দূরে থাকেন।
অনুষ্ঠানে উপস্থিত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কমিউনিটি পর্যায়ে আইনি সহায়তা জোরদার হলে বিচারপ্রাপ্তির সুযোগ বাড়ে। তিনি জানান, সহযোগী প্রকল্পের আওতায় ইতোমধ্যে হাজারো মানুষ আইনি সহায়তা পেয়েছেন এবং অনেক বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থানে এমন ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হবে, যাতে আরও বেশি মানুষ সহজে এই সেবার আওতায় আসতে পারেন।