ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৬টার দিকে তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই একটি ট্রাক। পথে তেলিবাজার এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।
মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের নাম-ঠিকানা সংগ্রহের কাজ চলছে।