বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২৬, ১২:০৩ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ৩ মে, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার বার্তা সামনে রেখে প্রতিবছরের মতো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”। এই প্রতিপাদ্যের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে টেকসই উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে সরাসরি যুক্ত করে দেখা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও সাংবাদিক সংগঠনগুলো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ৯টায় রাজধানীর অফিসার্স ক্লাব থেকে একটি র‍্যালি বের হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইয়াসির খান চৌধুরী।

১৯৯১ সালে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে প্রস্তাবের পর ১৯৯৩ সালে জাতিসংঘ ৩ মে কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

দিবসটির মূল লক্ষ্য হলো গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করা। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতিমালা রক্ষায় নতুন করে অঙ্গীকারের আহ্বান জানানো হয় এই দিনে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সাংবাদিক সমাজ পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Link copied!