সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১২:৩১ পিএম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগি এবং একটি এসি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওয়ার কার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।


এদিকে আগুনের কারণে ওই রুটে কয়েকটি ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ট্রেন ছেড়ে যায় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!