ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:২৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: বিএনপি মিডিয়া সেল
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস কার্যক্রম শুরু করেছেন। আজ (সোমবার) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান।
অফিসে পৌঁছে সরকারপ্রধান সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তার কাঁধে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।