মার্চ ৮, ২০২৬, ০৮:৩৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
দেশে দুটি তেলবাহী জাহাজ বন্দরে নোঙর করায় জ্বালানি তেলের মজুত বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আন্তর্জাতিক পরিস্থিতি অনিশ্চিত থাকায় আপাতত তেলের রেশনিং ব্যবস্থা চালু থাকবে বলেও তিনি জানান।
রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ এর আয়োজনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, রোববার সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ বন্দরে নোঙর করেছে এবং আরেকটি জাহাজ দুপুরের দিকে পৌঁছানোর কথা রয়েছে। এই দুই জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে দেশের জ্বালানি মজুত আরও বাড়বে। তবে এতে করে তেলের ব্যবহার অবাধ হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতার কারণে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা নিশ্চিত নয়। তাই বিদ্যমান মজুত দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হলে সাশ্রয়ী ব্যবস্থাপনা জরুরি। এ কারণেই সরকার তেলের রেশনিং চালু রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, মানুষের মধ্যে গুজব ছড়ানো হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে। তবে আপাতত এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি সবাইকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার আহ্বান জানিয়ে বলেন, দেশে তেলের ঘাটতি নেই। তবে সঠিক ব্যবস্থাপনার জন্য রেশনিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল যাতে চোরাচালান বা কালোবাজারির মাধ্যমে অপব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।