চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:২৫ পিএম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ

ছবি/ সিসিটিভি ফুটেজ এর ভিডিও থেকে নেওয়া।

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে শিশুসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


সোমবার ভোর পৌনে ৬টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাব মাঠসংলগ্ন একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুম সূত্র জানায়, গ্যাস লাইনে হঠাৎ বিস্ফোরণের পর ওই ফ্ল্যাটে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দগ্ধদের উদ্ধার করেন।


দগ্ধদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪) ও পাখি (৩৫)। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।


ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।


তিনি আরও জানান, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Link copied!