জুন ১১, ২০২৬, ০১:০৭ পিএম
নারায়ণগঞ্জের মদনপুরে গ্যাস লিকেজ থেকে বাসায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯), মেয়ে স্কুল শিক্ষার্থী মীমী (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।
স্থানীয় ও স্বজনদের বরাতে জানা গেছে, ১ তলা বাড়িটিতে ভাড়া থাকা ওই পরিবারের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ ছিল। পরে ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই সকালে সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার রান্না শুরু করলে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চার সদস্য ও পাশ দিয়ে যাওয়া পথচারী শিশু হযরত আলী দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মান্নানের শরীরের ৩০ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মীমীর ৪১ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আরও জানান, হযরত আলী ছাড়া বাকি চারজনকে ভর্তি রাখা হয়েছে এবং শ্বাসনালী দগ্ধ হওয়ায় তাদের অবস্থা গুরুতর।