ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:০৪ পিএম
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আশুরা আক্তার পাখি (৩০) মারা গেছেন। এতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পাখির শরীরের শতভাগ দগ্ধ ছিল। পাশাপাশি শ্বাসনালীতেও গুরুতর দগ্ধজনিত ক্ষত তৈরি হয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে।
নিহত পাখি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর গ্রামের বাসিন্দা আবুল বাশারের মেয়ে বলে জানা গেছে।
এর আগে একই ঘটনায় পাখির শাশুড়ি নুরজাহান আক্তার, ছেলে শাওন এবং দেবর সুমনের মৃত্যু হয়। সর্বশেষ পাখির মৃত্যুতে পরিবারটির শোক আরও গভীর হয়েছে।
চিকিৎসকরা জানান, এই বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামের হালিশহরের একটি আবাসিক ভবনে গ্যাস লাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। ঘটনার পর প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।