মে ৬, ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এ বিষয়ে সংলাপ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিদেশিদের সহায়তা চাওয়া হয়েছে।
বুধবার সকালে রাজধানীর বনানীতে একটি সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিস রিসার্চ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য সামাজিক ও অর্থনৈতিক চাপও তৈরি করছে। তাই এর টেকসই সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বিনিয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি সংস্থার ধীরগতি। বর্তমান সরকার দেশকে আরও বিনিয়োগবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে এনার্জি সংকট। তবে খুব দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
রাজনৈতিক পরিবেশ নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, দেশে রাজনৈতিক সমস্যা নতুন নয়, তবে এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক অবস্থায় রয়েছে।
এ ছাড়া কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকার আশাবাদী বলেও উল্লেখ করেন স্থানীয় সরকারমন্ত্রী।