পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, সেবার মান ও জনআস্থা আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নৈতিক শক্তি ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে পুলিশ বাহিনী আরও বেশি জনমুখী ও সেবাকেন্দ্রিক হয়ে উঠবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি ঘটনায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব পালনে দক্ষতা, দ্রুত তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তিনি বলেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন যেমন করা হবে, তেমনি দায়িত্বে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রেও কঠোর অবস্থানে থাকবে সরকার।

তিনি উল্লেখ করেন, রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত ও অভিযোগপত্র দাখিল, দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এসব কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের পুরস্কৃত করা হয়েছে।

পুলিশের ভাবমূর্তি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছরের আগস্টের পর যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাহিনী। বর্তমানে জনগণের আস্থা অর্জনে পুলিশ আগের তুলনায় বেশি সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন ধরনের অপরাধের হার কমেছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তদন্ত কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে তিনি জানান, মামলার তদন্ত, ময়নাতদন্ত এবং পুলিশি টহল জোরদারে সরকারি বরাদ্দ বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে।

এছাড়া পলাতক ও শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনের আওতায় তাদের জবাবদিহি নিশ্চিত করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে তিনটি আলোচিত ঘটনায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের হাতে সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Link copied!