ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৪ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ।
আজ (মঙ্গলবার) ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্ধারিত মেয়াদ অনুসারেই পর্যায়ক্রমে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে। পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা অধিক কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন—এ বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকালে সিটি করপোরেশনগুলোর প্রশাসকরা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন।