ছবি: সংগৃহীত
খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পরই জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছে ওয়াসা। পাশাপাশি সুয়ারেজ লাইনগুলোকে দাশের কান্দিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। ৬ মাসের মধ্যে সোসাইটিগুলোকে সিটিপি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গতকাল যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে, সে ব্যাপারেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেঙ্গুর লার্ভা জন্মায় এমন স্থান পরিষ্কারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যা সোমবার শেষ হয়েছে।