নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:২৪ পিএম

নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন বলে জানিয়েছে বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র।

এর আগে একইদিন সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, ওই শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সাধারণত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। তবে এবার দীর্ঘদিনের সেই রীতি ভেঙে খোলা প্রাঙ্গণে শপথ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০ আসনের সংসদে সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১৫১টি আসন, সেখানে বিএনপি দুই শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে।

সংবিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দলনেতা নির্বাচন করা হবে। এরপর দলনেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন এবং সরকার গঠনের আহ্বান জানাবেন। রাষ্ট্রপতি তখন দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

প্রধানমন্ত্রীর নিয়োগের পর তিনি মন্ত্রিসভার সদস্যদের চূড়ান্ত করবেন। শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে।

Link copied!