চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১২:০২ পিএম

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশে হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি জানান, এ নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।

এর আগে সোমবার দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে জানিয়ে মন্ত্রী বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ করছি।

নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি পুনরায় বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ জানাচ্ছি।

Link copied!