ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীর সদর উপজেলার একটি গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বদরুল আমীন নামে এক ব্যক্তির গরুর খামার থেকে অস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এলাকাবাসীর দাবি, বদরুল স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
তবে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খোন্দকার জানিয়েছেন, বদরুল যুবদলের কেউ নন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বদরুল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে অস্ত্রটি সাময়িকভাবে ওই খামারে রাখা হয়েছিল- এমন অভিযোগও রয়েছে, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফেনী আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধার হওয়া অস্ত্র ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর তিনি শুনেছেন। বিস্তারিত জানার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখছে।