ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৪:২১ পিএম

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ (রোববার) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধারকাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুততম সময়ে ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সাড়া দিতে সক্ষম হবেন।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী খোলামেলা জায়গা হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন, যাতে দুর্যোগের পরপরই মানুষকে সেখানে সরিয়ে নেওয়া যায়।

মন্ত্রণালয় ইতোমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!