দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ১২:৫৯ পিএম

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সারাদেশে নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি।

সাহাপাড়ায় গিয়ে নিজ হাতে কোদাল তুলে খাল খননের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে এলাকার পানির সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষি সেচব্যবস্থা উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে টেকসই ও আধুনিকভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করা গেলে কৃষিতে বড় ধরনের পরিবর্তন বা বিপ্লব ঘটতে পারে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও তারা মনে করছেন।

গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্ষকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি চালু করেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।

Link copied!