ছবি: পিএমও
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রীপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন ভারতীয় হাইকমিশনার। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়টিও আলোচনায় উঠে আসে। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়েছে।
এদিকে, ইন্ডিয়ান ওশান সামিটে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামীকাল মরিশাস সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। সফরকালীন সময় তারা ভারতে সৌজন্য সফরও করবেন।