প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।
আজ (শনিবার) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সবার আগে দেশ — এবং দেশটা সবার। তিনি আরও জানান, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবি তুললে তিনি বলেন, সবাই একমত হলে তা বাস্তবায়ন করা হবে।
দুপুর সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে উঠলে সমর্থকরা করতালিতে তাকে স্বাগত জানান। এর আগে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হন। সাড়ে ১০টার মধ্যেই সভাটি হাজারো মানুষের উপস্থিতিতে বড় সমাবেশে রূপ নেয়।
পথসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করবো।’
সভায় জনতার পক্ষ থেকে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি উঠলে তিনি বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।’
পথসভা শেষে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। সেখানে বেলা সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজেরও সূচনা করেন।