এপ্রিল ১২, ২০২৬, ০৩:০১ পিএম
ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গন মিলনায়তনে আজ (রোববার) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে একটি দরবার অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।
দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অবদানের প্রশংসা করেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
এছাড়া তিনি বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের দল-মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তিনি সবাইকে কর্ম, সততা, শপথ ও ত্যাগের মাধ্যমে দেশপ্রেমে অটল থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের অন্যান্য স্থানে থাকা সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন।