জুন ৯, ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটক অভিযানকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালকদের একটি দল সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন বলেন, অবৈধ যানবাহন আটক করার পর ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তিনি আরও জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।