মার্চ ২১, ২০২৬, ০৯:২৩ এএম
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর একটি বিরল ঘটনার সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
এবার জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থাও রাখা হয়েছিল।
অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকাল ৭টা ও ৮টায় প্রথম দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বাকি তিনটি জামাত যথাক্রমে সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া দুই সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার মসজিদেও ঈদের নামাজ আদায় হচ্ছে।