জুন ৭, ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডেথ রেফারেন্স শুনানি আইনগত নিয়ম মেনেই যাতে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আনা যায়, সে বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার দেশের বিচারব্যবস্থা ও পুলিশি তদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মতে, অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত, তদন্ত এবং অভিযোগপত্র দাখিলের কাজ সম্পন্ন হয়েছে, যা একটি ব্যতিক্রমী উদাহরণ।
তিনি জানান, মামলাটির বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরাও ঈদের ছুটির মধ্যেও দায়িত্ব পালন করেছেন। এটিকে তিনি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলাসহ সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সাম্প্রতিক বাস দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বহু যাত্রীর প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার রহস্য দ্রুত উদঘাটনের ঘটনাও তিনি তুলে ধরেন।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আগামী ৮ জুন থেকে ভারত-এর রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং অন্যান্য নিরাপত্তা ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ ও মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে। পাশাপাশি মাদক ও জুয়া-সংক্রান্ত বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে আরও আধুনিক ও কার্যকর আইন প্রণয়নের কাজ করছে সরকার, যাতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হয়।